চৌদ্দ বছর আগে ভারতের পারমানবিক পরীক্ষা চালানোর ঘোষণায় চমকে উঠেছিল সারা পৃথিবী
এখন থেকে ১৪ বছর আগে ভারতের কাছ থেকে পারমানবিক পরীক্ষা চালানোর এক ঘোষণায় চমকে উঠেছিল সারা পৃথিবী।
বিবিসির লুইস হিদালগোর কাছে সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন মার্কিন কূটনীতিক ব্রুস রিডল, যিনি সেসময় প্রেসিডেন্ট ক্লিনটনের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ছিলেন।
ব্রুস রিডল বলছিলেন, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে পারমানবিক পরীক্ষা চালানোর ঘোষণায় আকাশ থেকে পড়েছিলেন তারা।
মি রিডল স্বীকার করেন, ভারতের এই পরীক্ষা মার্কিন গোয়েন্দারা আগে থেকে ঘুণাক্ষরেও টের পায়নি। ফলে সিএনএন টিভি চ্যানেলে ভারতের ঐ ঘোষণা শুনে হতবাক হয়ে পড়েছিল পুরো ক্লিনটন প্রশাসন।
"আমার প্রথম কথাই ছিল নিশ্চয়ই কোন ঠাট্টা তামাশা হচ্ছে। কিন্তু পরে তো বোঝাই গেল ঐ ঘোষণা কোন মশকরা ছিল না।"
মি রিডল বিবিসিকে বলেন, পরীক্ষা চালানোর কয়েক সপ্তাহ আগে ভারতের নতুন বিজেপি সরকারের মনোভাব বুঝতে তাঁরা দিল্লি গিয়েছিলেন। কিন্তু কিছুই বুঝতে পারেননি তাঁরা।
তিনি বলেন, প্রতিটি বৈঠকেই ভারতের কর্মকর্তারা তাঁদের আশ্বস্ত করেছিলেন কোন চমক দেখানো হবেনা।
"আমার মনে হয় তাঁরা (ভারতীয়রা) আমাদের বিভ্রান্ত করেছিলেন। পরিকল্পনা করেই তারা তা করেছিলেন। তাঁরা এমনভাবে এগিয়েছিলেন যাতে আমেরিকা শেষ মুহূর্তে বাগড়া দেওয়ার কোন সুযোগই যাতে না পায়।"
ব্রুস রিডল জানান ক্রুদ্ধ প্রেসিডেন্ট ক্লিনটন ভারতের ওপর প্রচণ্ড চাপ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন।
পাকিস্তানকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা
"মার্কিন প্রশাসনে উদ্বেগ ছিল ভারতীয় এই পরীক্ষার প্রভাব পারমানবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণের ওপর কি প্রভাব ফেলবে। সবাই জানতো ভারত যদি পরীক্ষা চালায় তাহলে পাকিস্তানও দ্রুত সেই পথে যাবে।"
তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ দেশের ভেতর প্রচণ্ড চাপে পড়েছিলেন।
"আমরা যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলাম তখন তাঁর যে চেহারা দেখেছিলাম সেটাকে মি. ট্যালবট পরে তুলনা করেছিলেন হ্যামলেটের সাথে। কি করা উচিৎ তা নিয়ে প্রধানমন্ত্রীকে অত্যন্ত চিন্তিত, বিভ্রান্ত দেখাচ্ছিল।"
ব্রুস রিডল বলেন, তাঁরা বুঝতে পারছিলেন পাকিস্তানকে ঠেকানো যাবেনা।
ইতিহাসের সাক্ষী পরিবেশন করেছেন শাকিল আনোয়ার।
No comments:
Post a Comment